অলিম্পিকে আরিফুলের হাতে লাল-সবুজের পতাকা

টোকিও অলিম্পিকের মার্চপাস্টে বাংলাদেশের পতাকা বহন করবেন ২০১৯ এসএ গেমসে দুটি রুপাজয়ী সাঁতারু আরিফুল ইসলাম।

২৩ জুলাই শুরু হতে যাওয়া আসরে বাংলাদেশ থেকে অংশ নেবেন মোট ৬ অ্যাথলেট। আর্চারিতে রোমান সানা ও দিয়া সিদ্দীকি, শুটিংয়ে আব্দুল্লাহ হেল বাকী, অ্যাথলেটিকসে জহির রায়হান এবং সাঁতারে আরিফুল ইসলাম ও জুনাইনা আহমেদ যাচ্ছেন টোকিওতে।

২০১৯ সালে নেদারল্যান্ডসে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতে অলিম্পিকে সরাসরি খেলার টিকিট পেয়েছিলেন রোমান সানা। তিনি ছাড়া বাকিদের অলিম্পিক স্বপ্ন পূরণ হতে যাচ্ছে ওয়াইল্ড কার্ডের মাধ্যমে।

আরিফুলকে পতাকা বহনের জন্য মনোনীত করার ব্যাপারে বাংলাদেশ কন্টিনজেন্টের সেফ দ্য মিশন, বিওএ’র সহ-সভাপিত শেখ বশির আহমেদ মামুন বলেন, ‘আমাদের প্রথম ও দ্বিতীয় পছন্দ ছিলেন রোমান সানা ও বাকী। কিন্তু তাদের খেলা উদ্বোধনীর পরপর হওয়ায় পতাকা বহনের জন্য আমরা আরিফুলকে বেছে নিয়েছি।’

যোগ করেন, ‘আরিফুল গত এসএ গেমসে বাংলাদেশকে দুটি রুপা এনে দিয়েছিলেন। এ কারণেই তাকে বেছে নেওয়া।’

২৩ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট শেষ হবে এবারের আসর।