রাশিয়ার করোনা টিকা স্পুৎনিক-ভি’র প্রস্তুতকারী প্রতিষ্ঠান জানিয়েছে, ভারতের টিকা উৎপাদনকারী সেরাম ইনস্টিটিউটের সঙ্গে তাদের একটি চুক্তি হয়েছে।
চুক্তি অনুযায়ী সেরাম প্রতিবছর ৩০ কোটি ডোজ টিকা উৎপাদন করবে।
রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ) মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, ভারতের সেরাম ইনস্টিটিউট প্রতি বছর স্পুৎনিক-ভি’র ৩০ কোটিরও বেশি ডোজ উৎপাদনে আগ্রহী। চলতি বছরের সেপ্টেম্বর নাগাদ প্রথম ব্যাচের টিকা উৎপাদিত হবে বলে আশা করা হচ্ছে।
এর আগে কোভিশিল্ড তৈরি করেছিল সেরাম ইনস্টিটিউট অর ইন্ডিয়া। গত বছর অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত এ টিকার জন্য সেরাম ইনস্টিটিউটের সঙ্গে বিনিয়োগ করে বাংলাদেশ। এ বিষয়ে গত নভেম্বর বাংলাদেশ সরকার, ভারতের সেরাম ইনস্টিটিউট ও সরবরাহকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মার সঙ্গে ত্রিপক্ষীয় চুক্তি হয়।
চুক্তি অনুসারে ৩ কোটি ডোজ টিকা পাওয়ার কথা থাকলেও মাত্র ৭০ লাখ টিকা পেয়েছে বাংলাদেশ। শেষ পর্যন্ত টিকা সংকটে বন্ধ হয়ে যায় কোভিশিল্ডের টিকাদান কর্মসূচি। এরপর বেশ কয়েকটি টিকার অনুমোদন দেয় বাংলাদেশ।
শুধু বাংলাদেশ নয় সেরাম কোভিশিল্ডের সরবরাহ বন্ধ করায় কোভ্যাক্সসহ কর্মসূচিসহ অনেক দেশে টিকাদান ব্যাহত হয়েছে।
এ দিকে কিছুদিন আগে মার্কিন টিকা প্রস্তুতকারক সংস্থা নোভোভ্যাক্সের তৈরি করোনা টিকা কোভোভ্যাক্সের প্রথম ব্যাচের উৎপাদন শুরু করে সেরাম।