চোটের কারণে টেস্ট সিরিজে খেলেননি তামিম ইকবাল। তবে ওয়ানডে সিরিজটি আইসিসি সুপার লিগের অংশ। তাই চোট নিয়েও এই সিরিজে খেলবেন অধিনায়ক তামিম ইকবাল।
মূল সিরিজ শুরুর আগে স্বস্তির খবর, প্রস্তুতি ম্যাচে রানের দেখা পেয়েছেন এই বাঁহাতি ওপেনার।
বুধবার জিম্বাবুয়ে নির্বাচিত একাদশের বিপক্ষে ৬২ বলে ৬৬ রান করেন তামিম। ১১টি চার ও ১ ছক্কায় সাজান নিজের ইনিংস।
হারারের তাকাসিঙ্গা স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত ম্যাচটিতে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৯৬ রান করে টাইগাররা।
মোহাম্মদ নাঈমকে নিয়ে ইনিংস শুরু করেন তামিম। দুজন উদ্বোধনী জুটিতে ১৭ ওভারে যোগ করেন ৮৭ রান। তামিম জিম্বাবুইয়ান বোলারদের দ্বিতীয় শিকার হয়েছেন। ২২তম ওভারে তানাকা চিভাঙ্গা ফেরান তাকে।
তিন নম্বরে খেলতে নামা সাকিব আল হাসান ৬০ বলে ৩৭ রান করেন। মোহাম্মদ মিঠুন ৪২ বলে ৩৯ ও মোসাদ্দেক হোসেন ৩০ বলে ৩৬ রান করে স্বেচ্ছায় ব্যাট ছেড়ে যান।
এ ছাড়া আফিফ হোসেন ২৩ বলে ২৮, নুরুল হাসান সোহান ১২ বলে ১৮ রান করেন। সাইফউদ্দিন ১০ বলে ১২ রানে অপরাজিত ছিলেন।