তিতাসে গাছ লাগানো নিয়ে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

কুমিল্লার তিতাস উপজেলায় গাছ লাগানোকে কেন্দ্র করে ছোট ভাইয়ের আঘাতে মারা গেছেন বড় ভাই মুর্শিদ আলম (৫২)।

বুধবার বিকেলে উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুর্শিদ আলম ওই গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। ঘটনার পর ছোট ভাই মুকবুল হোসেন পালিয়ে গেছেন বলে পুলিশ জানায়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, চলাচলের রাস্তায় গাছ লাগানোকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিতর্ক শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে হাতাহাতির মধ্যে ছোট ভাই মুকবুল হোসেন বড় ভাই মুর্শিদ আলমের তলপেটে আঘাত করে। আহত মুর্শিদ আলমকে  অজ্ঞান অবস্থায় উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাস বলেন, গাছ লাগানোকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনায় নিহত মুর্শিদ আলমের লাশ উদ্ধার করা হয়েছে। শরীরে দৃশ্যমান কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি। ঘটনার পর ছোট ভাই মুকবুল হোসেন পালিয়ে গেছে। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।