জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন নিটলকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার (১৪ জুলাই) রাতে সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে তিনি বলেন, দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সংগঠন ও সিনিয়র নেতাদের নামে অপপ্রচার করে আসছেন মোফাজ্জল হোসেন। এছাড়াও সাংগঠনিক কর্মকান্ডেও তিনি নিষ্ক্রিয়।
তার এহেন কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বিধায় তাকে সংগঠনের সহ-সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এ ধরনের কর্মকাণ্ড থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল নির্দেশক্রমে বুধবার এ সিদ্ধান্ত অনুমোদন করেন।