ব্যাটারির চার্জার বিস্ফোরণ

বাবা-মায়ের পর চলে গেল মেয়েও

রাজধানীর কামরাঙ্গীরচরে একটি বাসায় অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধের ঘটনায় মা ও বাবার মৃত্যুর পর চলে গেল ৫ বছরের শিশু আয়শাও। গত মঙ্গলবার রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। এর আগে গত শুক্রবার রাতে শিশুটির বাবা আবদুল মতিন (৪০) ও গত শনিবার সকালে মা ইয়াসমিন আক্তার ময়না (৩৫) মারা যান। তাদের শরীরে ৯০ শতাংশের বেশি দগ্ধ ছিল।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন আয়শার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাতে আয়শার মৃত্যু হয়। তার শরীরের ৪৬ শতাংশ দগ্ধ হওয়ার পাশাপাশি শ্বাসনালিও পুড়ে গিয়েছিল। এ ঘটনায় আয়শার বড় বোন মায়শা ৪২ শতাংশ দগ্ধ নিয়ে এখনো বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক। সামান্য দগ্ধ হওয়ায় আগেই ছাড়পত্র পেয়েছেন দগ্ধ হওয়া মৃত ময়নার ভাগিনা আবুল খায়ের রায়হান (২৫)।