শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে গতকাল বৃহস্পতিবার বিকেলে নতুন করে যুক্ত হয়েছে কদম ও কুঞ্জলতা নামে দুটি ফেরি। বিকেল সাড়ে ৪টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়াঘাটে ফেরি দুটির উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এরই মধ্য দিয়ে দক্ষিণবঙ্গের এ নৌরুটে ফেরির সংখ্যা দাঁড়িয়েছে ১৭টিতে। উদ্বোধনী অনুষ্ঠানে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের দিকে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। আজকের এটি তার স্বাক্ষর। যা কিছু অর্জন তার একমাত্র দাবিদার শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি আরও বলেন, কুঞ্জলতা ও কদম নামে দুটি ফেরি উদ্বোধনের মধ্য দিয়ে ২১ জেলার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হয়েছে। দেশে সাফল্যের সবচেয়ে বড় স্বাক্ষর পদ্মা সেতু। এটি সম্পন্ন হলে দক্ষিণবঙ্গের মানুষের জীবনযাত্রা আরও বেশি উন্নত হবে।