ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে ১৩ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরো ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্তে নয়জন এবং করোনা উপসর্গ নিয়ে মারা যায় চারজন। এ তথ্য নিশ্চিত করেন করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন। 

তিনি জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৯৩ ভর্তিসহ এখন পর্যন্ত  ৪৪০ এবং আইসিউতে ২১ জন চিকিৎসাধীন আছেন।

করোনা আক্রান্তে মৃতরা হলো ময়মনসিংহ সদরের রুবেল (৬০), ফুলবাড়িয়া উপজেলার ঈমান আলী (৭২), ফুলপুর উপজেলার জামিলা বেগম (৬৫), মুক্তাগাছা উপজেলার আব্দুল কাদের (৭০), নেত্রকোনা সদরের রোকেয়া (৬৭), কেন্দুয়া উপজেলার সাথিয়া (৫৫), জামালপুর সদরের নবাব আলী (৭০), শেরপুর সদরের সুলতানা (৬২) ও টাঙ্গাইল মধুপুর উপজেলার আব্দুর সালাম (৬৭)।

এ ছাড়া সন্দেহজনক উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তারা হলো ময়মনসিংহ সদরের রহিমা (৬০), আবু বকর (৫২), গাজীপুর সদরের লিটন সরকার (২৩) ও কুড়িগ্রাম রৌমারী উপজেলার তাইজুদ্দিন (৭৫)।

এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৮৫৪ নমুনা পরীক্ষায়য় আরো ২৩২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭.৫৯ শতাংশ।