ঈদের আগে যে কোনো দিন টিকা নেবেন খালেদা জিয়া: ডা. জাহিদ

ঈদের আগেই কোভিড টিকা নেবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শুক্রবার দেশ রূপান্তরকে এ কথা জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন।

জাহিদ বলেন, “ঈদের আগে দুইদিন সময় আছে। সে ক্ষেত্রে রবি কিংবা সোমবার যেকোনো দিন ম্যাডামকে রাজধানীর মহাখালী গ্যাষ্ট্রোলিভার হাসপাতালে নেওয়া হবে টিকা দেওয়ার জন্য।”

তিনি বলেন, “কোভিড-১৯ থেকে সেরে ওঠার পর চেয়ারপারসন এখন টিকা নিতে চাইছেন। এরই মধ্যে গত ৯ জুলাই সুরক্ষা ওয়েবসাইটে গিয়ে টিকার জন্য নিবন্ধন ফরম পূরণ করেছেন। নিবন্ধন ফরমে উল্লিখিত মোবাইল নম্বরে মেসেজের মাধ্যমে টিকা দেওয়ার তারিখ জানানো হয়ে থাকে। খালেদা জিয়াকে এ বিষয়ে জানানো হয়নি। তবে রবি কিংবা সোমবারের মধ্যে তাকে জানানো হতে পারে।”

৭৫ বছর বয়সী খালেদা জিয়া এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন অসুস্থ ছিলেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ৫৪ দিন চিকিৎসার পর গত ১৯ জুন রাতে তিনি গুলশানের বাসায় ফেরেন। পুরোপুরি সুস্থ না হলেও হাসপাতালে জীবাণু এবং দেশে করোনার ভারতীয় ধরনের সংক্রমণের মধ্যে ঝুঁকি এড়াতে খালেদা জিয়াকে বাসায় নেওয়া হয়। এভারকেয়ার হাসপাতালের হৃদ্‌রোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে এখনো খালেদা জিয়ার করোনা পরবর্তী চিকিৎসা চলছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশ রূপান্তরকে বলেন, “খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। তবে করোনা থেকে মুক্ত হওয়ার পর তার আর্থ্রাইটিসসহ পুরোনো অনেকগুলো রোগের উপযুক্ত চিকিৎসা না হওয়ায় সেগুলোর জটিলতা বেড়েছে। এর মধ্যে হার্ট, কিডনি ও লিভারে সমস্যা তৈরি হয়েছে। এসব রোগের উন্নত চিকিৎসা প্রয়োজন।”