করোনায় আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দর্শন বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. আবদুল মতীন মারা গেছেন। গতকাল শুক্রবার সকাল ৬টায় রাজধানীর উত্তরার শিন শিন জাপান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। তার বয়স হয়েছিল ৮৭ বছর।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে অধ্যাপক মতীনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অধ্যাপক ড. আবদুল মতীন স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার স্ত্রী হাসিনা মতীন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক। তাকে নিজ গ্রামের বাড়ি ভালুকার ধিতপুরে সমাধিস্থ করা হবে।
ড. আবদুল মতীন ১৯৩৪ সালের ২৮ সেপ্টেম্বর ময়মনসিংহ জেলার ভালুকায় জন্মগ্রহণ করেন। ঢাবির দর্শন বিভাগে সিনিয়র লেকচারার হিসেবে যোগদান করেন এবং ২০০০ সালে অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন।
অধ্যাপক আবদুল মতীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।