সাভারে দীর্ঘ যানজটে আটকা প্রায় ৬ লাখ টাকা মূল্যের ২৭ মণ ওজনের একটি গরু মারা গেছে। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়েছে আরও পাঁচটি গরু। গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় গরুটি মারা যায়। গরুর মালিকের দাবি, পাবনা থেকে আসার পথে সাভারে যানজটে আটকে পড়ায় ও প্রচন্ড গরমে তার প্রায় ৬ লাখ টাকা মূল্যের গরুটি মারা গেছে।
গরুর মালিক মুকুল হোসেন বলেন, ‘গত বৃহস্পতিবার ছয়টা গরু নিয়া পাবনার সাঁথিয়া থেকে ঢাকায় আসতেছিলাম। পথে টাঙ্গাইল থেকে যানজট শুরু হলে ১৭ ঘণ্টা লাগে বাইপাইল আসতে। এ সময় প্রচ- গরমে ২৭ মণ ওজনের একটা গরু অসুস্থ হয়ে ট্রাকের মধ্যেই মারা যায়। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়েছে আরও পাঁচটা গরু।’
তিনি আরও বলেন, ‘এলাকায় গরুটার দাম উঠছিল সাড়ে ৫ লাখ টাকা। আমি ভালো দামে বেচার জন্য গরুটা ঢাকায় আনছিলাম কিন্তু গরমে গরুটা মারা যাওয়ায় আমার খুব ক্ষতি হয়ে গেল। আমি সরকারের কাছে ক্ষতিপূরণ চাই।’
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ করিম খান বলেন, বৃহস্পতিবার থেকেই সাভারের মহাসড়ক ও শাখা সড়কে যানজট। তার সঙ্গে তীব্র গরমও ছিল। এতে সাধারণ যাত্রী ও কোরবানির পশুদেরও গরমে নাভিশ্বাস উঠেছে। অনেক জায়গায় গরু অসুস্থ হওয়ারও খবর পেয়েছি। ব্যাপারীরা গরুগুলোকে সুস্থ রাখতে শরীরে পানিও ঢালছেন। পশুবাহী গাড়ির ক্ষেত্রে আমাদের আলাদা কোনো নির্দেশনাও নেই। তবে গতকাল দুপুরের পর থেকে সড়কে যানবাহনের চাপ থাকলেও যানজটের তীব্রতা কমেছে বলে দাবি করেন তিনি।