পাকিস্তানি ক্রিকেটাররা এখন কুস্তিগীর

ইংল্যান্ডের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। প্রথম দুই ম্যাচে তো বিনা প্রতিদ্বন্দ্বিতায়। বিপক্ষে ইংল্যান্ডের সেরা দল নেই, দ্বিতীয় শক্তির দলের কাছে এই হারে সমালোচনার ঝড় পাকিস্তান ক্রিকেট মহলে। সাবেকরা সমালোচনা করছেন দলটির পরিকল্পনাহীনতা ও ক্রিকেটারদের ফিটনেস নিয়ে। সাবেক পেসার আকিব জাভেদ পাকিস্তানি ক্রিকেটারদের ফিটনেসকে দায়ী করছেন। তার চোখে ক্রিকেটাররা এখন দীর্ঘদেহী কুস্তিগীর। আকিব জাভেদ আঙুল তুলছেন দীর্ঘদেহী ক্রিকেটারদের দিকে। ‘দল কী পরিকল্পনা করছে, কী চাইছে কিছুই বুঝতে পারছি না। আমাদের ক্রিকেট কোন দিকে এগোচ্ছে তাও কেউ জানে না। টি-টোয়েন্টি দলে একাধিক ক্রিকেটার আছেন যাদের দেখতে কুস্তিগীরের মতো। এই শরীর নিয়ে ক্রিকেট খেলা যায় তা জানা ছিল না।’