ফেনী শহরে বিশেষ অভিযান পরিচালনা করে ২৪ বছর পর বেলাল হোসেন নামে সাড়ে সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পরশুরাম থানা পুলিশ। বেলাল পরশুরাম উপজেলার পশ্চিম রাঙ্গামাটিয়া গ্রামের মৃত শেখ আহম্মদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ১৯৯৬ সালে করা একটি চোরাচালান মামলায় ফেনীর বিশেষ ট্রাইব্যুনাল আদালত বেলাল হোসেনকে সাত বছর কারাদন্ড ও অর্থদন্ড এবং অনাদায়ে আরও ছয় মাস দন্ডাদেশ দেয়। সাজা হওয়ার আগে থেকে বেলাল আত্মগোপনে ছিল। গত বৃহস্পতিবার রাতে পরশুরাম থানার একদল পুলিশ ফেনী শহরে বিশেষ অভিযান পরিচালনা করে আসামি বেলালকে গ্রেপ্তার করে।
পরশুরাম মডেল থানার ওসি মু. খালেদ হোসেন জানান, সাজাভোগ করার আগেই আত্মগোপনে চলে গিয়ে ২৪ বছর পলাতক ছিল বেলাল। অবশেষে ফেনী শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।