কেরানীগঞ্জে মুক্তিযোদ্ধার চাচাকে ছুরি মেরে হত্যা

ঢাকার কেরানীগঞ্জে পারিবারিক কলহের জের ধরে ভাতিজার ছুরিকাঘাতে খুন হয়েছেন মুক্তিযোদ্ধা। তার নাম মোজাফফর হোসেন। এ সময় বাবাকে বাঁচাতে এসে বড় মেয়ে গুরুতর আহত হয়েছেন। তাকে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে মডেল থানার পশ্চিম রোহিতপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, আপন ভাতিজা ঠান্ডু মিয়া তার চাচা ও চাচাতো বোনকে চাকু দিয়ে পেটে আঘাত করে। পরে হাসপাতালে নেওয়ার পথে চাচা মুক্তিযোদ্ধা মোজাফফরের মৃত্যু হয়। চাচাতো বোন জেলিনা আক্তার মৌ আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন। ঘটনার পরপরই ভাতিজা ঠান্ডু পলাতক।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু সালাম মিয়া জানান, এ ঘটনায় মৃত মুক্তিযোদ্ধার স্ত্রী নার্গিস বেগম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। খুনিকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হচ্ছে। মৃত মুক্তিযোদ্ধাকে পরে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা (গার্ড অব অনার) শেষে স্থানীয় গোরস্তানে দাফন সম্পন্ন করা হবে।