ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ দেশের উজ্জ্বল নক্ষত্র ছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিশিষ্ট এই রাষ্ট্রবিজ্ঞানীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার এক বাণীতে তিনি বলেন, ‘অধ্যাপক এমাজউদ্দীন রাষ্ট্র, রাজনীতি, গণতন্ত্র, সমাজনীতি, আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতি বিষয়ে ছিলেন পণ্ডিত ব্যক্তিত্ব।’
মির্জা ফখরুল বলেন, ‘এমাজউদ্দীন আহমদ সব সময় জাতীয়তাবাদ ও গণতন্ত্রের সমর্থক ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতি ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তিনি সব সময় অগ্রণী ভূমিকা পালন করেছেন।’
তিনি বলেন, ‘দেশের কৃতি অধ্যাপক, বুদ্ধিজীবী এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রাষ্ট্রবিজ্ঞানী এমাজউদ্দীন আহমদ বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র।’
বিএনপি মহাসচিব বলেন, ‘রাষ্ট্র, রাজনীতি, গণতন্ত্র, সমাজনীতি, আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতি বিষয়ে পণ্ডিত ব্যক্তিত্ব এমাজউদ্দীন আহমদ ছিলেন দেশ ও জাতির গর্বের ধন। এসব বিষয়ে তার দিক-নির্দেশনা ও জ্ঞানগর্ভ বিশ্লেষণ জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে সমাদৃত হয়েছে।’
তিনি বলেন, ‘রাষ্ট্রবিজ্ঞানে এমাজউদ্দীন ছিলেন একজন উঁচু মানের গবেষক। তার গবেষণা রাষ্ট্রবিজ্ঞানের পরিধি বিস্তৃত করেছিল এবং সেজন্য তিনি দেশে-বিদেশেও সমাদৃত ছিলেন।’
মির্জা ফখরুল বলেন, মতপ্রকাশের স্বাধীনতার জন্য তাকে রাষ্ট্রশক্তির জুলুমও সহ্য করতে হয়েছে। রাষ্ট্র-সমাজে গণতন্ত্রের বিকাশের অপরিহার্যতা ছিল এমাজউদ্দীনের চিন্তা, গবেষণা ও মননের অনুষঙ্গ।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অসংখ্য ছাত্র-ছাত্রীকে সুশিক্ষিত হিসেবে গড়ে তুলেছিলেন যারা আজ জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠিত। তিনি জ্ঞানের যে আলো বিস্তার করেছিলেন, সেটি তার ছাত্র-ছাত্রীদের কাছে অমলিন হয়ে থাকবে।
গত বছরের ১৭ জুলাই মারা যান অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ। তিনি ১৯৯২-৯৬ সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন।