রূপগঞ্জে ছাত্রীকে ধর্ষণের মামলায় শিক্ষক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে দশম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সুমন মিয়া (৩২) নামে এক স্কুল শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে উপজেলার তারাব পৌরসভার রূপসী কাহিনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত সুমন বগুড়ার গাবতলী থানার নিজগ্রাম এলাকার আজাহার ফকিরের ছেলে। রুপসী কাহিনা এলাকার ফখরউদ্দিনের বাড়ির ভাড়াটিয়া তিনি।

এদিকে সিরাজগঞ্জের শাহজাদপুরে এক কিশোরের বিরুদ্ধে ৬ বছরের এক শিশুকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কৈজুরি ইউনিয়নের চরকৈজুরি গ্রামের এ ঘটনার পর থেকেই অভিযুক্ত ওই কিশোর (১৭) পলাতক রয়েছে। স্থানীয়দের দাবি, অভিযুক্ত কিশোর মাদক সেবন ও পথচারী মেয়েদের দেখলেই উত্ত্যক্ত করত।

শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি, অভিযুক্ত ও তার সহযোগীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পটুয়াখালীতে স্কুলছাত্রীকে শ্লীলতাহানি : কলাপাড়া উপজেলায় সপ্তম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে বায়জিদ (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সকালে পৌর শহরের খাদ্য গুদাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত শুক্রবার রাতে বায়জিদের নামে থানায় একটি মামলা হয়। এজাহারে বলা হয়, শুক্রবার সন্ধ্যায় ইটবাড়িয়া এলাকার চাচার বাসা থেকে হেঁটে নিজ বাড়ি ফিরছিল ওই স্কুলছাত্রী। পথে তার গতিরোধ করে তাকে শ্লীলতাহানি করে বায়জিদ।