বিশ্বে করোনাভাইরাস মহামারীর দেড় বছর চলছে। এর মধ্যেই বিপুল সংখ্যক মানুষ মারা গেছে। হাসপাতালগুলোতে এখনো উল্লেখযোগ্যসংখ্যক মানুষ আক্রান্ত অবস্থায় ভর্তি হয়ে আছে। বিজ্ঞানীরা এখন পর্যন্ত এই ভাইরাসকে নির্মূল করতে শতভাগ কার্যকরী কোনো টিকা বা ওষুধ বের করতে পারেনি। ইতিমধ্যে যে টিকাগুলো বাজারে এসেছে তার সবগুলোই করোনায় আক্রান্ত ব্যক্তির শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক ভূমিকা পালন করে। এমনও দেখা যাচ্ছে, দুই ডোজ টিকা নেওয়ার পরেও আক্রান্ত হচ্ছেন অনেকে। তবে বিশেষজ্ঞদের মত, টিকা নেওয়া ব্যক্তিদের মধ্যে আক্রান্ত হয়ে মৃত্যুহার অনেক কম। করোনার বৈশ্বিক এমন বাস্তবতার মধ্যে সিঙ্গাপুর ও যুক্তরাজ্য সরকার করোনাকে সঙ্গী করেই বেঁচে থাকার পরিকল্পনা করছে। সিঙ্গাপুরের জনসংখ্যা প্রায় পাঁচ দশমিক ৭০ মিলিয়ন, আর যুক্তরাজ্যের ৬৬ মিলিয়ন। এই দুই দেশের করোনা অভিজ্ঞতা দুই রকম হলেও, পরিকল্পনার দিক দিয়ে এরা কাছাকাছি। যুক্তরাজ্যে করোনার দ্বিতীয় ঢেউয়ে ব্যাপক মানুষ মারা যায়। আর সিঙ্গাপুরে মাত্র ৩৬ জনের মৃত্যু হয়েছে। উভয় দেশই করোনা পরিস্থিতি সামাল দিতে রাষ্ট্রীয় পর্যায়ে সর্বোচ্চ সতর্কাবস্থা নিয়েছিল। কিন্তু তারপরেও সামাজিক সংক্রমণ রোধ করতে পারেনি দেশ দুটি।
গত জুনে সিঙ্গাপুরের আইনপ্রণেতারা এক চিঠি প্রকাশের মাধ্যমে দেশে নতুন স্বাভাবিক পরিস্থিতির ঘোষণা করে। ওই ঘোষণায় তারা সিঙ্গাপুরের ‘জিরো ট্রান্সমিশন’ মডেল থেকে সরে আসে। উল্লেখ্য, সিঙ্গাপুরের জিরো ট্রান্সমিশন মডেল অনুসরণ করেছিল এশিয়া-প্যাসিফিকের বেশ কয়েকটি দেশ। সিঙ্গাপুরের নিজস্ব মডেল থেকে সরে আসার ঘোষণা প্রকাশের কয়েক সপ্তাহ পরেই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন এক বিবৃতিতে বলেন, ‘ইতিমধ্যে আমরা ফ্লুকে নিয়ে যেভাবে বেঁচে আছি, সেভাবেই এই করোনাভাইরাসকে নিয়ে আমাদের বেঁচে থাকতে হবে।’ জনসনের ওই ঘোষণার পরই যুক্তরাজ্যে করোনা সংক্রান্ত যাবতীয় বিধিনিষেধ তুলে দেওয়া হয়। দেশটির ৬৬ শতাংশ প্রাপ্তবয়স্ককে টিকা দেওয়া হয়েছে ইতিমধ্যেই। শতভাগ টিকা দিয়ে দেশটি করোনাভাইরাস ও মানুষের মধ্যে ব্যবধান গড়তে চাইছে। তবে সিঙ্গাপুর ও যুক্তরাজ্যের এমন সিদ্ধান্তকে অনেকটা রাজনৈতিক বলছেন বিশ্লেষকরা। ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষক ড. অলিভার ওয়াটসন সিএনএনকে জানান, যুক্তরাজ্যে এখন ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ছে। এমন অবস্থায় সব বিধিনিষেধ তুলে দেওয়ার সিদ্ধান্তটি পুরোপুরি রাজনৈতিক। সরকার ভাবছে ভাইরাসের ওপর সে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে টিকা দিয়ে।