বাইডেন

ফেইসবুকের ভুয়া তথ্য মানুষকে হত্যা করছে

ফেইসবুকে কভিড-১৯ সংক্রান্ত ভুল তথ্য ছড়ানোর মাধ্যমে ‘মানুষ হত্যা’ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ভ্যাকসিন ও মহামারী নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর ক্ষেত্রে ‘ফেইসবুকের মতো প্ল্যাটফর্ম’-এর ভূমিকা নিয়ে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেছেন বলে জানিয়েছে বিবিসি।

ভুল তথ্য ও গুজব ছড়ানো বন্ধ করতে সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোকে সম্প্রতি ব্যাপক চাপের মধ্যে রেখেছে হোয়াইট হাউজ। ফেইসবুক বলেছে, তারা জনস্বাস্থ্য রক্ষায় ‘আগ্রাসী পদক্ষেপ’ নিচ্ছে। গত শুক্রবার হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাইডেন বলেন, ‘তারা মানুষ হত্যা করছে। যারা টিকা দেয়নি, শুধু তাদের মধ্যেই এখন মহামারী বিদ্যমান।’ যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্র্তৃপক্ষ সতর্ক করেছে যে, দেশটিতে সম্প্রতি কভিডে মৃত্যু ও সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ার প্রভাব দেখা গেছে শুধু টিকা দেয়নি, এমন কমিউনিটিগুলোতে।

শুক্রবার হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেছেন, ফেইসবুক ও অন্যান্য প্ল্যাটফর্ম গুজব মোকাবিলায় যথেষ্ট ভূমিকা রাখছে না। তার ভাষায়, ‘অবশ্যই কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এটাও পরিষ্কার যে, আরও পদক্ষেপ নেওয়া সম্ভব।’