ঈদ উপলক্ষে অসহায় মা-বাবার পাশে পথশিশু সেবা সংগঠন

ঈদ উপলক্ষে গোপালগঞ্জে বৃদ্ধাশ্রমে থাকা অসহায় মা-বাবার মাঝে ঈদ উপহার বিতরণ করেছে পথশিশু সেবা সংগঠন।

গতকাল শনিবার দুপুরে জেলার কাশিয়ানী উপজেলার হাইসুর বৃদ্ধাশ্রমে তাদের হাতে নতুন শাড়ি, লুঙ্গি ও ফতুয়া তুলে দেন এই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। এ সময় সংগঠনটির সভাপতি ফারজানা আক্তার খুশি, হাইসুর বৃদ্ধাশ্রমের সেবক আশুতোষ বিশ্বাসসহ অন্যরা উপস্থিত ছিলেন।

হাইসুর বৃদ্ধাশ্রমের সেবক আশুতোষ বিশ্বাস বলেন, এই সংগঠনের সদস্যরা অতীতেও বিভিন্ন উপহার, খাদ্যসামগ্রী দিয়ে অসহায় বাবা-মায়ের পাশে থেকেছেন। এবারও তারা বৃদ্ধাশ্রমে থাকা সবাইকে ঈদ উপহার দিলেন।

সংগঠনটির সভাপতি ফারজানা আক্তার খুশি জানান, বিভিন্ন উৎসব ও দুর্যোগকালীন মানুষের পাশে থাকা তাদের উদ্দেশ্য। এবারের ঈদে বৃদ্ধাশ্রমে থাকা বাবা-মায়ের মাঝে ১৪টি শাড়ি, ৭টি লুঙ্গি ও ৭টি ফতুয়া উপহার দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখবেন তার সংগঠনের সদস্যরা।