বজ্রপাতে কৃষক, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মাছ ধরার সময় বজ্রপাতে আবুল কাসেম (৫০) নামে এক ব্যক্তি মারা গেছেন। এ সময় নুরুল ইসলাম (৬০) নামে আরেকজন আহত হয়েছেন। কাসেম উপজেলার গুজিরকোনা গ্রামের মৃত লালু শেখের ছেলে। আহত নুরুল একই গ্রামের মৃত কুসুম উদ্দিনের ছেলে। গতকাল শনিবার ভোরে বজ্রপাতের ঘটনায় কৃষিজীবী এ দুজন হতাহত হন।

জানা যায়, উপজেলার গুজিরকোনা গ্রামে বাড়ির কাছাকাছি জমিতে বর্ষায় পানি বৃদ্ধি পেলে তারা শখের বশে মাছ ধরতে যান। এ সময় বৃষ্টিপাতের একপর্যায়ে গতকাল ভোরে বজ্রপাত হলে আবুল কাসেম ঘটনাস্থলেই মারা যান এবং নুরুল ইসলাম গুরুতর হন।

এ ছাড়া একই দিন সকাল ১০টার দিকে কলমাকান্দা উপজেলায় বিদ্যুৎস্পর্শে মোফাজ্জল হোসেন (১৫) নামে এক কিশোর মারা গেছেন। উপজেলার নাজিরপুর ইউনিয়নের রামপুর কুবরিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। মোফাজ্জল ওই গ্রামের আক্কাছ আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে মোফাজ্জল নিজেদের ঘরের ফ্রিজে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।