নারায়ণগঞ্জে দুই দল কিশোর গ্যাংয়ের সংঘর্ষে নিহত ১

নারায়ণগঞ্জের দেওভোগে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল কিশোর গ্যাংয়ের সংঘর্ষে একজন নিহত হয়েছে।

শনিবার রাত ১০টার দিকে পশ্চিম দেওভোগ হাজীবাড়ি এলাকায় বিবদমান দুই গ্রুপের সংঘর্ষে ইমন হোসেন (২১) নামে এক যুবক নিহত হয়। তার বুকে ছুরিকাঘাত করা হয়েছে।

নিহত ইমন দেওভোগ শেষ মাথা এলাকার মনির মিয়ার বাড়ির ভাড়াটিয়া দেলোয়ার হোসেনের ছেলে। সংঘর্ষে আহত হয়েছে টুটুল ও হানিফ নামে অপর দুইজন।

স্থানীয়রা জানায়, মাদক ও এলাকার আধিপত্যকে কেন্দ্র করে শনিবার রাতে ডেবিড-আব্দুল্লা এবং ওমর ফারুক-ইমন গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এর মধ্যে ডেবিড ও আব্দুল্লা দুই ভাই এবং ওমর ফারুক ও ইমন দুই ভাই। সংঘাতে ইমন মারা গেল।

এর আগে রাত সাড়ে ১১টার দিকে নিহতের ভাই ওমর  ফারুক ও মোহাম্মদ আলী আশঙ্কাজনক অবস্থায় ইমনকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসে। এখানে আনার পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান বলেন, ঘটনাস্থলে এসে আমি একটি গ্রুপকে পেয়েছি। তবে হত্যাকাণ্ডের বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। বিষয়টি তদন্ত চলছে। তদন্তের পর বলা যাবে প্রকৃত ঘটনা কি?

ফতুল্লা মডেল থানার ওসি (তদন্ত) তরিকুল ইসলাম জানান, সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে এসেছেন। স্থানীয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে রাত দশটার দিকে দুটি গ্রুপের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ইমন নামে একজনের মৃত্যু হয়।

নিহতের লাশ শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে রয়েছে। কেন, কি কারণে এবং কারা এ হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।