নাটকে আইনজীবীদের ‘কটাক্ষ’: মোশাররফ করিমসহ ৫ জনের নামে মানহানি মামলা

মোশাররফ করিমসহ পাঁচজনের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করা হয়েছে। নাটকে আইনজীবীদের ‘কটাক্ষ করায়’ জনপ্রিয় অভিনেতার নামে এ মামলা দায়ের হয়। রোববার (১৮) জুলাই বিকেল সাড়ে ৩টায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুমিল্লার ৬ নম্বর আমলি আদালতে ৫০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন অ্যাডভোকেট রফিকুল ইসলাম হোসাইনী।

জানা যায়, ‘হাই প্রেসার ২’ নাটকে অ্যাডভোকেটদের ‘হেয় প্রতিপন্ন’ করায় এ মানহানি মামলা দায়ের করা হয়।

মামলার অন্য আসামিরা হলেন অভিনেতা জামিল হোসাইন, ফারুক আহমেদ, আদিবাসী মিজান ও বৈশাখী টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা।

বিষয়টি নিশ্চিত করে মামলার বাদী অ্যাডভোকেট রফিকুল ইসলাম হোসাইনী।

তিনি বলেন, আমি ৯ জুলাই ‘হাই প্রেসার ২’ নাটকটি দেখেছি। পুরো নাটক দেখে মনে হলো আমাদের পেশাকে খুবই কটাক্ষ করা হয়েছে। এতে আমাদের মানহানি হয়েছে।

তিনি বলেন, এত দিন কোর্ট বন্ধ থাকায় মামলা করতে পারিনি। তাই আজ (রবিবার) করেছি। আদালতে বিষয়টি উপস্থাপনের পর সত্যতা যাচাই করে মামলা গ্রহণ করেছে।

নাটক রিলিজ হওয়ার এত বছর পর কেন মামলা, এমন প্রশ্নে তিনি বলেন, ব্যস্ততার কারণে নাটক দেখার সময় পাইনি। লকডাউনে নাটকটি চোখে পড়েছে। আইন পেশা একটি সম্মানজনক পেশা, কমবেশি সব মানুষই আইনজীবীদের কাজে লাগান। নাটকে এ পেশাটিকে অসম্মান করা হয়েছে, তাই পেশার সম্মান রক্ষার্থে নিজ উদ্যোগে মামলাটি করেছি।