গ্যাটকো মামলায় অযাচিতভাবে অনেক কিছু করা হচ্ছে: খালেদা জিয়ার আইনজীবী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী ও দলের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, “খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের হওয়া গ্যাটকো মামলায় অযাচিতভাবে অনেক কিছু করা হচ্ছে। বিগত ওয়ান-ইলেভেনের সরকারের সময় এ নিয়ে মামলা হয়েছিল। ক্ষমতাসীন ফ্যাসিস্ট সরকার তা চলমান রেখেছে। আজকে তাদের অঙ্গুলি হেলনে চলছে আদালত।”

রবিবার গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

গ্যাটকো মামলা প্রসঙ্গে কায়সার কামাল বলেন, “সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে সংবাদ এসেছে ‘গ্যাটকো মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা প্রমাণিত। এই মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে।’ অথচ গ্যাটকো মামলা এখনো বিচারাধীন। এ বিষয়ে আদালত কোনো রায় দেয়নি।”

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “এ সংক্রান্ত যে কোনো নিউজ পেলে তারা আদালতের রায় কিংবা যে কোনো সিদ্ধান্ত নিয়ে সংবাদ প্রকাশ করতে চাইলে বিএনপি চেয়ারপারসনের মামলাগুলো যারা পরিচালনা করেন তাদের সঙ্গে যেন কথা বলেন। তাহলে বিভ্রান্তির সৃষ্টি হবে না।”

কায়সার কামাল বলেন, “সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলা হয়েছে তা রাজনৈতিক কারণে হয়েছে। গ্যাটকো মামলার এফআইআর কিংবা চার্জশিটের কোথাও খালেদা জিয়ার নাম নেই।”

তিনি বলেন, “রাজনৈতিকভাবে হয়রানি ও নির্বাচন থেকে দূরে রাখতে তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। আইন নিজস্ব গতিতে চললে কোনো মামলায় তাকে সাজা দেওয়া যাবে না। কিন্তু সরকার দিচ্ছে। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ২০১৮ সালের আগে শুনানি শুরু করে বিচার করা হয় রাজনৈতিক কারণে। তাকে নির্বাচন থেকে দূরে রাখতে এটি করা হয়।”