ছোরা ও ইয়াবাসহ চট্টগ্রামে ছিনতাইকারী বেরাইজ্যা সুমনকে সহযোগীসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তারা ভোরে পশুর হাটে আসা গরু ব্যাপারীদের টাকা ছিনিয়ে নিতে ওত পেতে থাকে বলে জানিয়েছে পুলিশ।
গতকাল রবিবার ভোরে নগরীর ডবলমুরিং থানার দেওয়ানহাট পোস্তারপাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ছোরা ও ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলো মো. আল-আমিন ওরফে বেরাইজ্যা সুমন (২৪) ও তার সহযোগী শহিদুল আলম ওরফে সানি (৩১)।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ভোরে গরুর ব্যাপারীকে টার্গেট করে অপেক্ষা করছিল গ্রেপ্তার দুজন। সুমন চট্টগ্রামের অন্যতম শীর্ষ ছিনতাইকারী। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় পাঁচটি মামলা রয়েছে। এক জায়গায় ছিনতাই করেই সে অন্য জায়গায় চলে যায়।