বাংলাদেশের মুক্তিযুদ্ধের গল্পে ভারতীয় গোয়েন্দা বিদ্যুৎ জামওয়াল

বলিউড অভিনেতা বিদ্যুৎ জামওয়াল এবার প্রযোজনায় নাম লেখাচ্ছেন। তবে এ অ্যাকশন হিরোর ছবিটি অন্য কারণে গুরুত্বপূর্ণ। এর কাহিনি ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধ কেন্দ্রিক, যদিও বরাবরের মতো প্রচারে আসছে ‘ভারত-পাকিস্তানের যুদ্ধ’।

এক প্রতিবেদনে ভ্যারাইটি ডটকম জানায়, গোয়েন্দা থ্রিলারধর্মী এ ছবির নাম ‘আইবি ৭১’। প্রযোজনায় আরও আছে বলিউডের নামি দুই প্রতিষ্ঠান।

অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি ‘কমোন্ডা’র অভিনেতা হিসেবে বিদ্যুৎ এখন বেশ পরিচিত নাম। নতুন ছবিতে তাকে দেখা যাবে ভারতীয় গুপ্তচরে ভূমিকায়, যে কিনা ১৯৭১ সালে যুদ্ধের ময়দানে ভূমিকা রাখে।

সত্য কাহিনি অবলম্বনে আদিত্য শাস্ত্রীর লেখা থেকে তৈরি হয়েছে চিত্রনাট্য। জাতীয় পুরস্কার পাওয়া চলচ্চিত্র ‘গাজি’ দিয়ে অভিষেক হওয়া সংকল্প রেডি ‘আইবি ৭১’ পরিচালনা করছেন। প্রথম ছবিটিও ১৯৭১ সালের যুদ্ধের ওপর নির্মিত।

চলতি বছরের শেষ দিকেই ‘আইবি ৭১’ এর নির্মাণ শেষ হবে। বিদ্যুৎ জামওয়ালের মতে, ভারতীয় ইতিহাসের চমকপ্রদ কিছু অধ্যায় থেকে অনুপ্রাণিত হয়ে এ ছবি তৈরি হচ্ছে।

বিদ্যুৎ জামওয়ালকে সর্বশেষ দেখা গেছে স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ‘দ্য পাওয়ার’ ছবিতে। মুক্তির অপেক্ষায় আছে ‘সানাক’, হাতে আছে ‘খুদা হাফিজ টু’।