সমালোচনা করে আবার সেই টিকাই নিচ্ছেন খালেদা জিয়া: তথ্যমন্ত্রী

বিএনপি নেতারা যে ভ্যাকসিনের সমালোচনা করে আবার সেই টিকাই নিচ্ছেন বেগম খালেদা জিয়া উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড.হাছান মাহমুদ বলেছেন, তবে এটা ভালো।

সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ও করোনাসুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘আজকে আমরা দেখতে পেলাম, বেগম খালেদা জিয়াও টিকা নিচ্ছেন। তার দলের নেতারা এই টিকা নিয়ে অনেক বিভ্রান্তি ছড়িয়েছিলেন আর সেই নেতারাই পরে টিকা নিয়েছিলেন। আজকে বেগম খালেদা জিয়াও টিকা নিচ্ছেন। এ জন্য তাকে ধন্যবাদ জানাই এবং তিনি যেন টিকা গ্রহণ করে পুরোপুরি সুস্থ থাকেন, করোনা মহামারি থেকে মুক্ত থাকেন, সেটিই আমরা প্রত্যাশা করি, সেটিই আমরা বিধাতার কাছে প্রার্থনা করি।’

তিনি বলেন, অ্যাস্ট্রাজেনিকার যে টিকা ইউরোপের মানুষও নিচ্ছে সেই টিকা দেশে আনার সময় বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল, সেটা কোনো কাজ করবে না এমনকি এটা নিলে স্বাস্থ্যঝুঁকির সম্ভাবনা আছে –এ কথা বলে তারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালিয়েছে।

তিনি আরও বলেন, ‘পরবর্তীতে দেখতে পেলাম তারাই আবার টিকা নিলেন, কেউ কেউ গোপনে আবার কেউ কেউ প্রকাশ্যে। আবার কেউ কেউ বললেন এই টিকা নিয়ে খুব আরামবোধ করছে।’

ইতিমধ্যেই বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের বেশির ভাগই টিকা গ্রহণ করেছেন উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘কেউ কেউ প্রথম ডোজ নিয়েছেন, কেউ কেউ দ্বিতীয় ডোজও নিয়েছেন, সরকারের কাছে সেই তালিকা আছে।’

করোনা মহামারি প্রতিরোধে সরকারের কর্মযজ্ঞ তুলে ধরে ড. হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের সরকার দেশের সমস্ত মানুষকে স্বাস্থ্য সুরক্ষা দেয়ার লক্ষ্যে কাজ করছে। প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন দেশের ৮০ শতাংশের বেশি মানুষকে টিকা প্রদান করা হবে। আমাদের এই টিকা সব মানুষের জন্য। আমরা বিএনপির সমস্ত নেতৃবৃন্দ, কর্মীদেরও আমরা টিকা দেব। আর তারা যদি আগে নিতে চান, সে ব্যবস্থাও গ্রহণ করা হবে। দয়া করে মানুষের মধ্যে আর বিভ্রান্তি ছড়াবেন না।’

দলের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটি এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এ কে এম রহমতুল্লাহ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা প্রমুখ।

অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন, আঞ্জুমান মুফিদুল ইসলাম, ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের হাতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ও করোনাসুরক্ষা সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।