বেশি শিক্ষার্থী ভর্তি করলেই ইউজিসির ‘লাল তারকা’ চিহ্ন

অনুমোদন ছাড়া কোর্স পরিচালনা ও আসনসংখ্যার অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করলে সংশ্লিষ্ট বেসরকারি বিশ^বিদ্যালয়কে ‘লাল তারকা’ চিহ্নিত করার সিদ্ধান্ত নিয়েছে বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। গতকাল সোমবার ইউজিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এদিকে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তির অভিযোগে ইউরোপিয়ান ইউনিভার্সিটির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে ইউজিসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউজিসির অনুমোদনহীন ভবন ও ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম পরিচালনা, ছয় মাসের বেশি আচার্য নিযুক্ত উপাচার্য ও ট্রেজারার না থাকা, ট্রাস্টি বোর্ডের সদস্যদের মালিকানাসংক্রান্ত দ্বন্দ্বসহ অন্যান্য সমস্যার কারণেও বিশ্ববিদ্যালয়গুলোকে ‘লাল তারকা’ প্রদান করা হবে।

সম্প্রতি কমিশনের সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দের সভাপতিত্বে বেসরকারি বিশ্ববদ্যিালয় বিভাগের সমন্বয় সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। শিগগিরই এ সিদ্ধান্তের বিষয়ে বেসরকারি বিশ^বিদ্যালয়গুলোকে অবহিত করা হবে।