কোরবানির পশুর বর্জ্য অপসারণ তদারকিতে ডিএসসিসির ১০ টিম

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাটের বর্জ্য এবং ২১ জুলাই দুপুর ২টা থেকে ২৪ জুলাই দুপুর ২টা পর্যন্ত সিটির বর্জ্য ব্যবস্থাপনা সরেজমিন তদারকির জন্য ১০টি টিম গঠন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে করপোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে এসব টিম গঠন করা হয়েছে।

এছাড়া করপোরেশনের শীতলক্ষ্যা হলে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম সচিত্র তদারকির জন্য একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে স্থাপন করা হয়েছে। সেখানে ১৮ জুলাই দুপুর ২টা থেকে ২৪ জুলাই দুপুর ২টা পর্যন্ত তিন শিফটে করপোরেশনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্ব পালন করবেন। নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বর ০১৭০৯৯০০৮৮৮। মাঠপর্যায়ে বর্জ্য অপসারণ কার্যক্রমে নিযুক্ত থাকবে ৯০টি খোলা ট্রাক, ৫৩টি কম্পেক্টর, ১২টি পানির গাড়ি, ১০২টি ডাম্প ট্রাক, ১৪টি পে-লোডার, ৮১টি কনটেইনার ক্যারিয়ার, ৯টি টায়ার ডোজার, ২টি ট্রেইলার, ৯টি স্কিড লোডারসহ প্রায় পৌনে ৪০০ যান-যন্ত্রপাতি। নিয়মিত পাঁচ হাজার কর্মীর পাশাপাশি অতিরিক্ত আরও পাঁচ হাজার কর্মী বর্জ্য অপসারণে নিযুক্ত থাকবে।