পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের একটি ভবনের আসবাব ও বালিশসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র অস্বাভাবিক দামে কেনার অভিযোগে দুর্নীতির মামলায় গণপূর্ত অধিদপ্তরের সাবেক নির্বাহী প্রকৌশলী মাসুদুল আলমসহ সাত প্রকৌশলীর জামিন বাতিল প্রশ্নে রুল জারি করেছে উচ্চ আদালত। তাদের জামিন কেন বাতিল করা হবে না রুলে তা জানতে চেয়েছে হাইকোর্ট। জামিন বাতিল চেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এসএম মজিবুর রহমানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ দুই সপ্তাহের এ রুল দেয়।
ওই সাত প্রকৌশলী হলেনÑ পাবনা গণপূর্ত বিভাগের সাবেক নির্বাহী প্রকৌশলী মাসুদুল আলম, উপবিভাগীয় প্রকৌশলী আহমেদ সাজ্জাদ খান ও মোস্তফা কামাল, উপসহকারী প্রকৌশলী জাহিদুল কবীর ও শফিকুল ইসলাম এবং সহকারী প্রকৌশলী মো. তারেক ও আমিনুল ইসলাম।