ঢাকায় ফিরেছে ‘রেহানা মরিয়ম নূর’ টিম

মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ শেষে ‘রেহানা মরিয়ম নূর’ টিম ঢাকায় ফিরেছে। সিনেমার মুখ্য অভিনেত্রী আজমেরী হক বাঁধন এ তথ্য নিশ্চিত করেছেন।

এক ফেইসবুকে পোস্টে জানান, সোমবার দিবাগত গভীর রাতে ঢাকায় পা রেখেছেন তারা।

আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’ কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রথম অফিশিয়াল সিলেকশন।

গত ৭ জুলাই ‘আ সার্তে রিগা’ বিভাগে ছবিটি প্রদর্শিত হওয়ার পর থেকেই প্রশংসায় ভাসছিল ছবিটি।

বিশ্বের নামি-দামি সিনে সমালোচক ও বোদ্ধাদের নজর কেড়েছে সিনেমাটি। রিভিউ প্রকাশ হয়েছে হলিউড রিপোর্টার, স্ক্রিন ডেইলি ও রজার এবার্টের সাইটসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। একটি রিভিউতে এমনও বলা হয়েছে, কানের উল্লেখযোগ্য তিন ছবির একটি ‘রেহানা মরিয়ম নূর’।

ভ্যারাইটি, ডয়চে ভেলেসহ অনেক সংবাদমাধ্যম প্রকাশ করেছে খুটিনাটি অনেক তথ্য। একাধিক সাক্ষাৎকার ও ফটোশুটে অংশ নিয়েছেন ছবিটির কলাকুশলীরা। পেয়েছেন আন্তর্জাতিক অনেক চলচ্চিত্র ব্যক্তিত্বের সান্নিধ্য। বিপননের জন্য যুক্ত হয়েছে আন্তর্জাতিক সেলস এজেন্ট ও পরিবেশক।

সিনে বিশ্লেষকদের মতে, পুরস্কার না পেলেও কানে অফিশিয়াল সিলেকশন পাওয়া ‘রেহানা মরিয়ম নূর’-এর সব চেয়ে অর্জন। যা বাংলাদেশের চলচ্চিত্রের জন্য একটি মাইলফলক। এ পথ ধরে হেঁটে আরও এগিয়ে যাবেন ভবিষ্যতের নির্মাতারা।

গত ২৬ জুন ‘রেহানা মরিয়ম নূর’ টিম ফ্রান্সে পৌঁছে। এরপর প্যারিসে ১০ দিনের কোয়ারেন্টাইন শেষে ৬ জুলাই পা রাখে কানের ভেন্যুতে। পরদিন ছবিটির প্রিমিয়ার হয়।

উল্লেখ্য, ‘রেহানা মরিয়ম নূর’ ছবিতে এক মেডিকেল শিক্ষকের ভূমিকায় অভিনয় করেছেন বাঁধন। যে কিনা তারই সহকর্মীর হাতে নিগৃহীত ছাত্রীর পাশে দাঁড়িয়ে লড়াই করে। একইসঙ্গে স্কুলে অনায্য আচরণের শিকার মেয়ে জন্যও লড়তে হয়।