পেগাসাস কেলেঙ্কারি: ইমরান খানের ফোন নিয়ে তদন্ত

পেগাসাস সফটওয়্যারের মাধ্যমে ইমরান খানের ফোনে আড়িপাতা হয়েছে কি না, সেটি নিশ্চিত হতে তদন্তের ঘোষণা দিয়েছে পাকিস্তান। দেশটির তথ্যমন্ত্রীকে উদ্ধৃত করে এই খবর দিয়েছে আল-জাজিরা।

সোমবার যুক্তরাষ্ট্র-ভিত্তিক পত্রিকা ওয়াশিংটন পোস্ট জানায়, ইমরান খানের ব্যবহৃত একটি নম্বরে ওই সফটওয়ার দিয়ে আড়িপাতা হয়েছে।

পাকিস্তানের মন্ত্রী বলছেন, ‘ভারত সরকার ইসরায়েলের ওই সফটওয়্যার ব্যবহার করে যেভাবে সাংবাদিক, রাজনৈতিক প্রতিপক্ষদের ওপরে নজরদারি চালিয়েছে বলে জানা গেছে, তাতে আমরা অত্যন্ত উদ্বিগ্ন।’

রবিবার রাত থেকে পেগাসাস রিপোর্ট নিয়ে রীতিমতো আলোড়িত বিশ্ব রাজনীতি। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, পেগাসাস নামের এই ম্যালওয়ার ব্যবহার করে বিরোধীদের ফোনে আড়ি পাতা হয়েছে। ভারতেই সংখ্যাটা বেশি।

টার্গেটে রয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভোটকুশলী প্রশান্ত কিশোর-সহ দেশের বহু বিরোধী নেতা। এমনকি গুটিকয়েক কেন্দ্রীয় মন্ত্রীর ফোনেও আড়ি পাতা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে ওই রিপোর্টে।