রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে।
বুধবার হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রাজশাহীর আটজন, নাটোরের চারজন, পাবনা ও চাঁপাইনবাবগঞ্জের দুজন করে এবং কুষ্টিয়া ও নওগাঁর একজন করে।
এই ১৮ জনের মধ্যে চারজন করোনায় মারা গেছেন। করোনা পজিটিভ মৃত ব্যক্তিদের মধ্যে নাটোরের দুজন, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের একজন করে। বাকি ১৪ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। আজ বুধবার হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে মারা গেছেন ২০ জন। এর মধ্যে গত ১৩ জুন থেকে এ পর্যন্ত মৃত্যু ১০ থেকে ২৫–এর মধ্যে ওঠানামা করছে। জুলাই মাসে এ পর্যন্ত মারা গেছেন ৩৭১ জন। গত জুন মাসে মারা গেছেন ৩৪৬ জন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৪৫ জন। ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৭২ জন। এখনো হাসপাতালে ভর্তি ৪৩৭ জন। এর মধ্যে করোনা পজিটিভ ২১৭ জন, সন্দেহভাজন ১৬০ জন ও নেগেটিভ ৬০ জন। আগের দিন রোগী ছিল মোট ৫৮০ জন।
তিনি জানান, মোট রোগীর মধ্যে শুধু রাজশাহী জেলার রোগীই ২২৩ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে নাটোর। এই জেলার রোগী ৭৭ জন। পাবনা রয়েছে তৃতীয় স্থানে, রোগীর সংখ্যা ৫২। এক সপ্তাহের বেশি সময় ধরে হাসপাতালের রোগীদের মধ্যে রাজশাহীর পরেই থাকছে নাটোর। তারপর পাবনা। বর্তমানে হাসপাতালের করোনা ওয়ার্ডে শয্যাসংখ্যা রয়েছে ৪৫৪।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে গত ২৪ ঘণ্টায় রাজশাহী জেলার ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনা শনাক্ত হয়েছে ১১৭ জনের। শনাক্তের হার দাঁড়িয়েছে ৩৪ দশমিক শূন্য ৪ শতাংশ। আগের দিনে এই হার ছিল ২২ দশমিক ৯২ শতাংশ।