কোচ হওয়ার পর থেকেই রোনাল্ড কোম্যান মেম্ফিস ডিপেকে বার্সেলোনায় আনতে চেষ্টা করেন। গত মৌসুমে পারেননি। শেষ পর্যন্ত নতুন মৌসুমের শুরুতে তাকে কিনে এনেছেন সাবেক ডাচ কোচ। এরই মধ্যে ক্লাবে যোগ দিয়ে অনুশীলন করেছেন। বৃহস্পতিবার তাকে উপস্থাপন করা হয়ে কাতালান ক্লাবে। সেখানে ডিপে বলেছেন, বার্সেলোনা ক্লাবে এসে তার ছোটবেলার স্বপ্ন পূরণ হয়েছে। জানিয়েছেন, কোম্যান কোচ না থাকলেও বার্সাতেই আসতেন। ডিপের কাছে লিওনেল মেসি কিংবদন্তি। অলিম্পিক লিওঁ থেকে আসা ২৭ বছরের ফরোয়ার্ড ডিপে সংবাদ সম্মেলনে বলেন, ‘এখানে (বার্সেলোনা) আসতে পারাটা সম্মানের। আমার ছোটবেলার স্বপ্ন পূরণ হয়েছে। দলে আসার বিষয়ে বোঝাপড়াটা দীর্ঘ সময় নিয়েছে। তবে সব সময়ই এখানে খেলতে চেয়েছি। প্রেসিডেন্ট এবং বোর্ডের সবাইকে ধন্যবাদ।’