গাজীপুরে হামলায় আহত ছাত্রলীগ নেতার মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে দুর্বৃত্তদের হামলায় আহত সৈয়দ মাসুম আহমেদ (২৮) নামে এক ছাত্রলীগ নেতা রাজধানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় মারা গেছেন। তিনি শ্রীপুর পে১ৗর এলাকার বেড়াইদেরচালা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। মাসুম শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন বলে জানিয়েছেন শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ হুমায়ুন কবির হিমু।

মাসুমের চাচা মোফাজ্জল হোসেন জানান, বুধবার রাত ৩টার দিকে অজ্ঞাতনামা ১০-১২ ব্যক্তি ছাত্রলীগ নেতা মাসুম আহমেদের ঘরের তালা ভেঙে ভেতরে ঢোকে। এ সময় বাড়ির অন্যান্য ঘরের দরজার সিটকিনি ঘরের বাইরে থেকে বন্ধ করে দেওয়া ছিল। দুর্বৃত্তরা মাসুমের ঘরের ভেতর প্রবেশ করেই তাকে মারধর ও মাথায় আঘাত করে। এ সময় সে চিৎকার দিলে বাড়ির আশপাশের প্রতিবেশীরা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় মাসুমকে স্থানীয় আলহেরা হাসপাতাল নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। সেখান থেকে তাকে বৃহ¯পতিবার সকালে উন্নত চিকিৎসার রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন থাকার পর শুক্রবার ভোর রাতে তার মৃত্যু হয়।

শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, এ ঘটনায় নিহত মাসুমের চাচা থানায় অভিযোগ করেছেন। ইতিমধ্যে ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে।