চাঁদপুরে পরকীয়ার জেরে খুন কৃষক রিপন, আটক ২

চাঁদপুরের শাহরাস্তিতে কৃষক বেলায়েত হোসেন রিপন হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে পুলিশ। হত্যার সাথে জড়িতের অভিযোগে ফজলুর রহমান (৪৫) ও আমেনা বেগম (৩০) নামে এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মিলন মাহমুদ।

এর আগে শুক্রবার সকালে শাহরাস্তির গঙ্গারামপুর গ্রামের একটি ক্ষেত থেকে রিপনের মরদেহ উদ্ধার করা হয়।

মিলন মাহমুদ জানান, কৃষক বেলায়েত হোসেন রিপনের সাথে আটককৃত গৃহবধূ আমেনা বেগমের পরকীয়া সম্পর্ক ছিল। সেই সম্পর্কের সূত্র ধরে গত ২২ জুলাই রাতে রিপন আমেনা বেগমের সাথে দেখা করতে যান। এ সময় আমেনার স্বামী ফজলুর রহমান তাকে দেখে ফেললে রিপন দৌড় দেন। অল্প দূর সামনেই বাড়ির জালে আটকা পড়েন তিনি।

তখন ফজলুর রহমান তার হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে রিপনের মাথার পেছনের দিকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এরপর ফজলুর রহমান ও তার স্ত্রী আমেনা বেগম মিলে রিপনের গলায় রশি লাগিয়ে টেনে-হেঁচড়ে নিয়ে ক্ষেতে নিয়ে ফেলে রাখে।

পুলিশ সুপার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই ঘটনায় শুক্রবার রিপনের স্ত্রী কুলসুম বেগম বাদী হয়ে শাহরাস্তি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।