সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে করোনা পরিস্থিতির মধ্যেই সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনের উপনির্বাচন পেছানোর সুযোগ নেই উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) একেএম নূরুল হুদা বলেছেন, ভোটারদের মাস্ক পরে ভোটকেন্দ্রে আসতে হবে।
প্রধান নির্বাচন কমিশনার শনিবার সিলেটে নির্বাচন উপলক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
তিনি বলেন, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে করোনা পরিস্থিতির মধ্যেই ২৮ জুলাই সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন পেছানোর কোন সুযোগ নেই। ভোটের দিন নির্বাচনী এলাকা কঠোর বিধিনিষেধের আওতামুক্ত থাকবে। তবে ভোটারদের মাস্ক পরে ভোটকেন্দ্রে আসতে হবে। স্বাস্থ্যবিধি মেনে ভোট দিতে হবে।
সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন সব রকম প্রস্তুতি নিয়েছে উল্লেখ করে সিইসি আরও বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন। এ ছাড়া এই উপনির্বাচনে ইভিএমে ভোট গ্রহণ করা হবে। এ জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান, পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। সভায় সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক ও সিলেট-৩ উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এম কাজী এমদাদুল ইসলাম।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী বলেন, সাংবিধানিক দায়িত্ব পালনে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। এতে কারও কোন সংশয়ের অবকাশ নেই।
বিএনপির নির্বাচন বর্জন প্রসঙ্গে তিনি বলেন, এটা তাদের ব্যাপার। তবে নির্বাচন কমিশন অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে।
উল্লেখ্য আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের মৃত্যুতে শূন্য হওয়া সিলেট-৩ আসনে আগামী ২৮ জুলাই উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন, আওয়ামী লীগের হাবিবুর রহমান হাবিব (নৌকা), জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী, বিএনপি দলীয় সাবেক সাংসদ (নির্বাচনে অংশ নেওয়ায় বর্তমানে বহিষ্কৃত) শফি আহমদ চৌধুরী (মোটরগাড়ি) ও বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মুহাম্মদ মিয়া (ডাব)। এই আসনে মোট ভোটার ৩ লাখ ৫২ হাজার এবং ভোট কেন্দ্র ১৪৯টি।