সাড়ে ১২ হাজার টন পশুর বর্জ্য অপসারণ চসিকের

ঈদুল আজহা ও পরের দিন সাড়ে ১২ হাজার টন কোরবানির পশুর বর্জ্য অপসারণ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। ঈদের দিন এই কোরবানির বর্জ্য অপসারণ কাজে সাড়ে চার হাজার শ্রমিক নিয়োজিত থেকে ৩১৭টি গাড়ির মাধ্যমে প্রায় ৭ হাজার টন ও ঈদের দ্বিতীয় দিন প্রায় ৩ হাজার শ্রমিক দ্বারা ২২০টি গাড়ির মাধ্যমে সাড়ে ৫ হাজার টন বর্জ্য নগরী থেকে তুলে দুটি টেন্সিং গ্রাউন্ডে ডাম্পিং করা হয়। চসিকের পরিচ্ছন্ন ও যান্ত্রিক বিভাগের সেবা পরিসংখ্যানের তথ্যানুযায়ী এসব তথ্য জানা গেছে।

এ প্রসঙ্গে চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, ‘কোরবানির পশুর বর্জ্যসহ সব ধরনের আবর্জনা অপসারণে স্বাস্থ্যবান্ধব পরিবেশ রক্ষায় যে সফলতা অর্জিত হয়েছে সেজন্য নগরবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। অতীতের অভিজ্ঞতা থেকে কোরবানির ঈদের পশুর বর্জ্য দ্রুততম সময়ের মধ্যে অপসারণে চসিকের সামর্থ্য অনুযায়ী যেসব নির্দেশনা প্রদান করা হয় তা যথাযথভাবে নাগরিক সমাজ পালন করেছে এবং চসিক নিয়োজিত জনবল যথার্থভাবে অর্পিত দায়িত্ব পালন করেছে।’