করোনাভাইরাস প্রতিরোধে সরকারের কঠোর বিধিনিষেধের মধ্যে চালু রাখায় গাজীপুর মহানগরীর টঙ্গীতে একটি প্লাস্টিক পণ্য উৎপাদন কারখানাকে জরিমানা করা হয়েছে।
গতকাল শনিবার দুপুরে অভিযান চালিয়ে এ জরিমানা করেন গাজীপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না রহমান জ্যোতি।
পরে তিনি সাংবাদিকদের জানান, টঙ্গীর টিঅ্যান্ডটি বাজার এলাকায় সরকারি নির্দেশনা অমান্য করে এ-ওয়ান পলিমার লিমিটেড নামের কারখানাটি তাদের পণ্য উৎপাদন কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। অভিযোগ পেয়ে কারখানা পরিদর্শনে গিয়ে সত্যতা পাওয়া যায়। এরপর ৭০ হাজার টাকা জরিমানা আদায় করে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়। আর কারখানায় কর্মরতদের বাড়ি চলে যেতে বলা হয়।
এ-ওয়ান পলিমার লিমিটেডের মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জরিমানার টাকা পরিশোধের কথা জানিয়েছেন।