পটুয়াখালীতে তরুণী ধর্ষণের শিকার

পটুয়াখালীর বাউফলে এক তরুণীকে (১৮) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার বিচার চাইতে গিয়ে তিন দফায় মারধরের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন তরুণীর মা। গতকাল শনিবার তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ওই তরুণীর বাড়ি উপজেলার কেশবপুর ইউনিয়নে।

তরুণীর অভিযোগ, তিন বছর আগে প্রতিবেশী মো. রাব্বি (২৩) নামে এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সর্বশেষ এক মাস আগে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে রাব্বি। বিয়ে করতে বললে তাকে এড়িয়ে চলতে থাকে রাব্বি। নিরুপায় হয়ে গত শুক্রবার সন্ধ্যায় দিকে রাব্বির বাড়িতে গিয়ে ধর্ষণের বিষয়টি তার (রাব্বি) বাবা-মাকে জানান। কিন্তু তাতে তারা কোনো সায় দেননি। একপর্যায়ে বিয়ের দাবিতে ওই ঘরে অবস্থান নেন। এতে ক্ষিপ্ত হয়ে রাব্বির পরিবারের লোকজন তাকে মারধর করে ঘরের বারান্দায় ফেলে রাখেন। গতকাল শনিবার সকালে ফের মারধর করে ঘরের সামনে উঠানে ফেলে রাখেন। এরপর বিকেলে আবারও মারধর করা হয়। বাউফল থানার ওসি আল মামুন বলেন, ‘তরুণীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা  নেওয়া হবে।’