ক্রিশ্চিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদে থাকতে তার সঙ্গে মাঠে নিয়মিত দেখা হতো লিওনেল মেসির। রোনালদো বর্তমানে আছেন জুভেন্তাসে, আর মেসির সঙ্গে বার্সেলোনার নতুন চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা এখনো হয়নি! তবে সব কিছু ঠিক থাকলে ক্যাম্প ন্যুতে আগামী ৮ আগস্ট হোয়ান গ্যাম্পার ট্রফির প্রদর্শনী ম্যাচে জুভেন্তাসের মুখোমুখি হবে বার্সা। মেসির চুক্তি তার আগে হয়ে গেলেই, আরেকবার মেসি-রোনালদো দ্বৈরথ দেখতে পারবেন ভক্ত সমর্থকরা।
ইউরোপীয় গণমাধ্যমে আরও আগে খবর হয়েছে বার্সার সঙ্গে ২০২৬ পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন ৩৪ বছর বয়সী মেসি। কিন্তু কোনো পক্ষই এখনো তা আনুষ্ঠানিকভাবে জানায়নি। প্রতিবারই নতুন মৌসুম শুরুর আগে হোয়ান গ্যাম্পার ম্যাচ আয়োজন করে থাকে বার্সা। এবার যে বার্সা ও জুভেন্তাস মুখোমুখি হবে তা এক পোস্টে নিশ্চিত করেছে গোল ডট কম। এর আগে ২০০৫ গ্যাম্পার ট্রফিতে জুভেন্তাসের মুখোমুখি হয়ে টাইব্রেকারে হারের স্বাদ পেয়েছিলেন সে সময় ১৮ বছর বয়সী মেসি। রোনালদো ও মেসি সব শেষ মুখোমুখি হয়েছিলেন গত ডিসেম্বরে চ্যাম্পিয়নস লিগ গ্রুপ পর্বের ফিরতি লেগে। বার্সার মাঠে সেই ম্যাচে ৩-০ গোলের জয় পায় জুভেন্তাস। পেনাল্টি থেকে জোড়া গোল করেন রোনালদো। এবার গ্যাম্পার ট্রফির ম্যাচে মাঠে থাকবে দর্শক। মোট আসন সংখ্যার ২০ শতাংশ দর্শক ম্যাচটা দেখতে পারবেন।