বঙ্গবন্ধু সেতু পশ্চিম স্টেশনে পৌঁছেছে ভারতের ২০০ টন তরল অক্সিজেন

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে রবিবার বেলা পৌনে ১১টার দিকে ১০টি কনটেইনারে ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন (এলএমও) নিয়ে ভারতীয় রেলওয়ের ‘অক্সিজেন এক্সপ্রেস’ ট্রেনটি এসে পৌঁছেছে।

অক্সিজেন (এলএমও) ভর্তি এ ১০টি কনটেইনার এ দিন বেলা ১১টা থেকেই সড়ক পথে ঢাকায় নিয়ে যাওয়ার কাজ শুরু করেছে।

কনটেইনারগুলো ঢাকায় পৌঁছার পর চলমান করোনা মোকাবিলায় দেশের বিভিন্ন হাসপাতালে এ অক্সিজেন সরবরাহ করা হবে। লিনডা বাংলাদেশ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ভারত থেকে এ অক্সিজেন আমদানি করেছে।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার ইসমাইল হোসেন জানান, ভারত থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে আমদানি করা ২০০ মেট্রিক টন তরল অক্সিজেন গত ২৪ জুলাই শনিবার রাত ১০টার দিকে বেনাপোল বন্দরে প্রবেশ করে।

বেনাপোল বন্দরে আমদানি সংক্রান্ত আনুষ্ঠানিকতা শেষ করে অক্সিজেনবাহী ১০টি কনটেইনার নিয়ে অক্সিজেন এক্সপ্রেস ট্রেনটি রাতেই রওনা হয়ে রবিবার বেলা পৌনে ১১টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে পৌঁছায়।

ইতিমধ্যেই তরল এ মেডিকেল অক্সিজেনবাহী কনটেইনার গুলি এই স্টেশন থেকে সড়ক পথে ঢাকায় নেওয়ার কাজ শুরু হয়েছে।

এর আগে টাটা দক্ষিণ পূর্ব রেলওয়ের অধীনে চক্রধরপুর বিভাগের কাছে বাংলাদেশের বেনাপোল বন্দরে ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন পরিবহনের চাহিদা জানানো হয়।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ঝাড়খন্ডের জামশেদপুর থেকে ১০টি কনটেইনারে ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন লোডিং করে ‘অক্সিজেন এক্সপ্রেস’ট্রেনটি রাত ১০টায় বেনাপোল বন্দরে প্রবেশ করে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে তরল মেডিকেল অক্সিজেন বুঝে নিতে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড. ফারুখ আহাম্মদ, আমদানিকারক প্রতিষ্ঠান লিনডে বাংলাদেশ লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা সুফিয়া বেগম, প্রশাসনিক কর্মকর্তা (সেলস) নুর রহমান, সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. রামাপদ রায়, বঙ্গবন্ধু পশ্চিম থানা পুলিশ, রেলওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। ইতোমধ্যেই ১০টি কন্টিনিয়ারে আসা এই তরল অক্সিজেন খালাস কার্যক্রম শুরু হয়।