ময়মনসিংহ মেডিকেলে করোনায় সাত দিনে ১১৪ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। প্রতিদিনই গড়ে মুমূর্ষু অবস্থায় অর্ধশত রোগী ভর্তি হচ্ছে। করোনা চিকিৎসায় বৃহত্তর ময়মনসিংহসহ আশপাশের কয়েকটি জেলার একমাত্র ভরসাস্থল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল।

আরও পড়ুন... ‘লকডাউনে’ শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট বিতরণ কার্যক্রম স্থগিত

ঈদের আগে করোনার স্বাস্থ্যবিধির শিথিলতার কারণে ঈদের পর করোনা রোগীর বড় ধরনের চাপ বাড়তে পারে এমন আশঙ্কায় প্রস্তুতি ছিল হাসপাতাল কর্তৃপক্ষের।

এদিকে, হাসপাতালে নতুন রোগীর চাপ বাড়ার পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। গত সাতদিনে করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছে ৩৭৮ জন এবং চিকিৎসাধীন অবস্থায় ১১৪ জন।

ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, হাসপাতালে করোনা রোগীর চাপ ক্রমাগত বেড়েই চলছে। তাই রোগিদের সেবা নিশ্চিতে প্রয়োজনীয় উদ্যোগ ও পরিকল্পনাও নেওয়া হচ্ছে।

হাসপাতালের করোনা বিল্ডিং এর ৫ম তলায় আইসিইউ সমমানের আরও ২৪টি শয্যা বাড়ানো হয়েছে। সেখানে রোগীদের হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা দিয়ে সেবা দেয়া হচ্ছে। বাড়তি রোগীর চাপ সামলানোর জন্য ট্রায়াজ সিস্টেম এবং ফ্লু কর্নারকে আরও বেশি সক্রিয় করা হয়েছে। ডিজিটাল পদ্ধতিতে কোভিড টেস্টের রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু করার চিন্তা করা হচ্ছে।

আইসিইউ সিট বাড়ানোর জন্যে দক্ষ জনবল চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরে চাহিদা পাঠানো হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. জাকিউল ইসলাম জানান, ঈদের ছুটিতেও করোনা রোগীদের জন্য হাসপাতালে কর্তব্যরত অমুসলিমদের পাশাপাশি মুসলিমদের সমন্বয়ে চিকিৎসা সেবা নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঈদের ছুটিতে হাসপাতালে করোনা আক্রান্ত ৪ শতাধিক রোগী ভর্তি ছিলো। এসব রোগীর সেবা নিশ্চিত করতে প্রায় একশ চিকিৎসক ও তিন শতাধিক নার্সসহ কর্মচারী কর্মরত ছিল।

তিনি জানান, অতিরিক্ত রোগীর চাপ থাকা সত্বেও সর্বদা চিকিৎসক, নার্স ও কর্মচারীদের আন্তরিকতায় সাধ্যমত চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার ফজলুল কবীর জানান, হাসপাতালে প্রতিনিয়ত করোনা রোগীর চাপ বাড়ছে। সেই করোনা ইউনিটে শয্যা সংখ্যা চাহিদা মোতাবেক বৃদ্ধি করা হচ্ছে। হাসপাতালে ওষুধসহ প্রতিনিয়ত অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। ভর্তিকৃতরা রোগীরা হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পেয়ে আসছেন। চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে কারও কোনও অবহেলা নেই।

অন্যদিকে,ময়মনসিংহ সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় ৬৯৯টি নমুনা পরীক্ষায় ১৮৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৬.৩২ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ১২ হাজার ৪৮৫ জন। সুস্থ হয়েছেন ৯ হাজার ১৮৩ জন।

সর্বশেষ তথ্যানুযায়ী, চলতি মাসের ২৫ তারিখ পর্যন্ত ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৩৬৮ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছে ১১৮১ জন রোগী। এছাড়াও (২৫ জুলাই) সকাল দশটা পর্যন্ত করোনা ইউনিটের সাধারণ ওয়ার্ডে ৪৭৮ জন এবং আইসিউতে ২১ জন চিকিৎসাধীন ছিল।