বাড়ি থেকে ডেকে নিয়ে সিভিল ইঞ্জিনিয়ারের হাত ভাঙল দুর্বৃত্তরা

বাড়ি থেকে ফোনে ডেকে নিয়ে পিটিয়ে এক সিভিল ইঞ্জিনিয়ারের হাত ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে ৮টায় কুমিাল্লা আদর্শ সদর উপজেলার গোমতী নদীর চরের বানাশুয়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।  

আহত সিভিল ইঞ্জিনিয়ারের নাম রবিউল আহমেদ। তিনি কুমিল্লা আদর্শ সদর উপজেলার মহেষপুর গ্রামের নসু মিয়ার ছেলে।

এ ঘটনায় শনিবার (২৪ জুলাই) দুপুরে রবিউলের বাবা নসু মিয়া কোতয়ালী থানায় মামলা দায়ের করেছেন। মামলার আসামীরা হলেন বানাশুয়া গ্রামের মো. পলাশ (৩৫), একই গ্রামের ফরহাদ (১৯), শাহাদাৎ হোসেন তাফসির (২১), মো. সোহেল (২০) ও সাইফুল ইসলাম হৃদয়সহ (২৭) অজ্ঞাত ১৪/১৫ জন।

মামলার বিষয়টি নিশ্চিত করেন কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বখতিয়ার উদ্দিন।

মামলা সূত্রে জানা যায়, কুমিাল্লা সদর উপজেলার বানাশুয়া বিরেন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেন রবিউল ও তার বন্ধুরা। ফুটবল ম্যাচ আয়োজনের কথা না জানানোর কারণে বানাশুয়া গ্রামের মো. পলাশ (৩৫) ও তার সঙ্গীরা রবিউলকে ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে গোমতী নদীর বানাশুয়া ব্রিজ সংলগ্ন চর এলাকায় বেধড়ক পেটায়, এতে তার হাত ভেঙে যায়। পরে আহত অবস্থায় স্থানীয়রা রবিউলকে কুমিাল্লা ট্রমা হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসকরা জানায়, লাঠির আঘাতে রবিউলের বাম হাত ভেঙে যায়। পাশাপাশি রবিউলের শরীরে বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।