লকডাউন: অসুস্থ স্বামীকে ভ্যানে করে হাসপাতালে নিলেন স্ত্রী

ঘড়িতে তখন দুপুর ১টা ৫৫ মিনিট। বিধিনিষেধ আর সূর্যের প্রখর তাপ মাথায় নিয়ে ভ্যানে তুলে অসুস্থ স্বামীকে নিয়ে হাসপাতালে যাচ্ছেন স্ত্রী। রোববার (২৫ জুলাই) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড মোড়ে এমন দৃশ্য দেখা যায়।

জানা যায়, ফাতেমা বেগমের স্বামী নূরু মিয়া গত ১০-১২ দিন ধরে প্যারালাইসিসের সমস্যায় ভুগছেন। স্বামী অসুস্থ থাকায় দীর্ঘদিন ধরে ফাতেমা মানুষের বাসায় কাজ করে সংসারের খরচ বহন করেন। আর্থিকভাবে অস্বচ্ছল থাকায় হাসপাতালে যাওয়ার জন্য কোনো গাড়ি ভাড়া করতে পারেননি তিনি।

এ ছাড়া বিধিনিষেধের সময় প্রাইভেটকার বা মাইক্রোবাস বেশি ভাড়া নেয় বলে দাবি করেন তিনি।

তিনি জানান, পরিবারে মেয়ে ছাড়া আর কেউ নেই। এ জন্য ভ্যানগাড়ি ঠিক করে তা দিয়েই হাসপাতালে স্বামীকে নিয়ে যাচ্ছেন ফাতেমা বেগম। সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকা থেকে ভ্যানগাড়ি দিয়ে রাজধানীর মাতুয়াইল মেডিকেল যাবেন তারা।

ফাতেমা বেগম বলেন, ‘হাসপাতালে যাওয়ার জন্য ভ্যানগাড়ি ছাড়া উপায় দেখছি না। এত ভাড়া দিয়ে গাড়ি নেয়ার মতো টাকাও নেই আমার। এ জন্য ভ্যানগাড়িতে করেই হাসপাতালে যাচ্ছি।