মেয়র আইভীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বিলুপ্ত নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রয়াত আলী আহাম্মদ চুনকার স্ত্রী ও সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর মা মমতাজ বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

রবিবার বিকেল পৌনে ৫ টায় নারায়ণগঞ্জ শহরের দেওভোগ চেয়ারম্যান বাড়ি এলাকায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মমতাজ বেগম (৭৩) মারা যান (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ৩ মেয়ে ও ২ ছেলে রেখে গেছেন।

মরহুমের ছেলে নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জ্বল জানান, রবিবার বাদ এশা দেওেভোগ চেয়ারম্যান বাড়ি জামে মসজিদে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর মাসদাইর কবরস্থানে স্বামী আলী আহাম্মদ চুনকার কবরের পাশে তাকে দাফন করা হবে।

মেয়র আইভীর মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন।