গান-আবৃত্তি-আড্ডায় অনুস্বর এর বর্ষপূর্তি উদ্‌যাপন

গান, আবৃত্তি, নাটক ও আড্ডায় প্রতিষ্ঠার দ্বিতীয় বর্ষ উদ্‌যাপন করেছে নাট্যদল অনুস্বর। রবিবার অনলাইন মাধ্যমে দিনব্যাপী নানা আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে সংগঠনটি। ভিডিও চিত্র প্রদর্শন, শুভেচ্ছা বার্তা প্রকাশ এবং নিজেদের ওয়েবসাইটেরও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সন্ধ্যায় ভার্চুয়াল আড্ডার আয়োজন করা হয়। সেখানে দলটির সদস্যরা বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়।

অনুস্বর এর দলপ্রধান মোহাম্মদ বারী দেশ রূপান্তরকে বলেন, ‘মাত্র দুই বছরেই অনুস্বর তিনটি মঞ্চ নাটক ও একটি পথ নাটক মঞ্চে এনেছে। কিন্তু করোনা পরিস্থিতির কারণে আমাদেরকে মহড়া কক্ষ থেকে দূরে থাকতে হচ্ছে। তবে আমরা ভার্চুয়াল মহড়া, আড্ডার আয়োজন চালু রেখেছি। দুই বছরের কর্মযজ্ঞে করোনার লকডাউনের আগে পর্যন্ত মঞ্চায়নে সক্রিয় ছিল অনুস্বর। এ ছাড়া ‘বিকেন্দ্রী অভিমুখে নাট্য যাত্রা’ নামে কর্মসূচি নেয়। যার অংশ হিসেবে চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে নাট্যোৎসব আয়োজন করে। দলের কর্মীদের জন্য কর্মশালাও করছে নিয়মিত।’

বর্ষপূর্তি অনুষ্ঠানে অংশ নেন অনুস্বর এর দলপ্রধান মোহাম্মদ বারী, নির্বাহী সম্পাদক প্রশান্ত  হালদার, সম্পাদক (দৃশ্য শিল্প) শাহীনুর রহমান, সম্পাদক (প্রশিক্ষণ) সাইফ সুমন, সম্পাদক (অর্থ) রঞ্জন দে সাথীসহ দলটির সদস্যরা।

২০১৯ সালের ২৫ জুলাই শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় লোগো উন্মোচনের মাধ্যমে পথচলা শুরু করে অনুস্বর। দুই বছরে দলটি মঞ্চে এনেছে তিনটি নাটক- ‘অনুদ্ধারণীয়’, ‘মূল্য অমূল্য’ ও ‘তিনকড়ি’। এছাড়া ‘বন্ধঘড়ি’ নামের একটি পথনাটক মঞ্চস্থ করেছে। আয়োজন করেছে থিয়েটার বিষয়ক কর্মশালা, লেকচার ওয়ার্কশপ, পাঠচক্র, সেমিনার।