জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু ২৮ জুলাই

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির অনলাইন প্রাথমিক আবেদন শুরু হবে আগামী ২৮ জুলাই থেকে।

গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তর এ তথ্য জানিয়েছে।

২৮ জুলাই বিকেল ৪টা থেকে আবেদন শুরু হয়ে চলবে ১৪ আগস্ট রাত ১২টা পর্যন্ত। প্রথমবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইন ক্লাস শুরু হবে ১৫ সেপ্টেম্বর থেকে।

আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে হবে। প্রাথমিক আবেদন ফি কলেজ নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১৬ আগস্টের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট www.nu.ac.bd/admissions--এ।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম জানান, গত ১২ জুলাই ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি কমিটির সভায় পরীক্ষার বিষয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান।