চোরাই স্বর্ণালংকার ও টাকাসহ গৃহকর্মী গ্রেপ্তার

রাজধানীর রামপুরার একটি বাসা থেকে চুরি হওয়া স্বর্ণালংকার ও টাকাসহ এক গৃহকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা রমনা বিভাগ। গ্রেপ্তার ওই গৃহকর্মীর নাম নূপুর আক্তার। গত শনিবার কুমিল্লা জেলার লাকসাম থানার বাউরতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গতকাল রবিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মো. মাহবুব আলম বলেন, গত ২৩ জুলাই রামপুরার হাই স্কুল গলির একটি বাসা থেকে একটি স্বর্ণের চেইন, চুড়ি, আংটিসহ কিছু টাকা চুরি হয়। এ ঘটনার পরদিন গৃহকর্তার অভিযোগের পরিপ্রেক্ষিতে রামপুরা থানায় মামলা হয়। এ মামলার ছায়া তদন্ত শুরু করে গোয়েন্দা রমনা বিভাগ। বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে স্বল্প সময়ের মধ্যে ডিবি রমনা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম কুমিল্লার লাকসাম থেকে গৃহকর্মী নূপুরকে গ্রেপ্তার করে। এ সময় ওই বাসা থেকে চুরি হওয়া একটি করে স্বর্ণের চুড়ি, চেইন ও আংটি এবং ৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, একটি অসাধু চক্র ঢাকা শহরের বিভিন্ন বাসাবাড়িতে গৃহকর্মীর ছদ্মবেশে তাদের লোকদের নিয়োগ করে। পরবর্তী সময়ে সুযোগ বুঝে তাদের পাঠানো গৃহকর্মী ওই বাসার স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। এ চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।