হিমাচলে পাথর ধসে ৯ পর্যটকের মৃত্যু

ভারতের হিমাচল প্রদেশে পাহাড় থেকে পাথর ধসে পর্যটকবাহী গাড়িতে পড়লে কমপক্ষে নয়জনের মৃত্যু হয়েছে।

রবিবার পাহাড়ি এই প্রদেশের কিন্নর জেলার বাদসেরি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) বরাতে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গাড়িটিতে ১১ জন আরোহী ছিলেন। তাদের বাকি দুজন এবং একজন পথচারী এ ঘটনায় আহত হন।

জানা গেছে, মৃতরা দিল্লি এবং ভারতের বিভিন্ন স্থান থেকে ভ্রমণে এসেছিলেন।

ভিডিও ফুটেজে পাহাড় থেকে গড়িয়ে বড় বড় পাথর একটি সেতুর ওপর আছড়ে পড়তে দেখা যায়। একপর্যায়ে সেতুটি ভেঙে নদীতে পড়ে যায়। পাথরের আঘাতে কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা আর আহতদের ৫০ হাজার টাকা সহায়তা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।