নরসিংদীতে বাড়িতে ঢুকে ডাকাতি-হত্যায় জড়িত চারজন গ্রেপ্তার

নরসিংদী শহরের নাগরিয়াকান্দি এলাকায় একটি দোতলা বাড়িতে ঢুকে ডাকাতি ও হত্যার ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ লুট করা স্বর্ণালংকার ও টাকা উদ্ধার করা হয়েছে।

সোমবার দুপুরে পুলিশ সুপার সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম।

গ্রেপ্তারকৃতরা হলেন- রায়পুরা উপজেলার বটতলি এলাকার মৃত সিদ্দিকের ছেলে শেখ ফরিদ (৩৫), একই উপজেলার বাহেরচর এলাকার আব্দুর রহমানের ছেলে রাজা মিয়া (৩২), চর আড়ালিয়ার রাজা মিয়ার ছেলে আল-আমিন (৩৩) এবং রাজনগর এলাকার রহিম উদ্দিনের ছেলে দুলাল মিয়া (৩৭)।

পুলিশ সুপার জানান, গত ১৬ জুলাই রাতে নরসিংদী পৌর শহরের নাগরিয়াকান্দি এলাকায় জানালার গ্রিল কেটে দোতলা একটি বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্ণালংকারসহ মালামাল লুট করে সংঘবদ্ধ ডাকাত দলটি।

এ সময় ডাকাতিতে বাধা দেয়ায় গৃহকর্তা মোবারক হায়াতের ছেলে ইন্টারনেট ব্যবসায়ী সাজ্জাদ হোসেন আরিফকে (৩২) ছুরিকাঘাতে হত্যা করে ডাকাতরা।

এ ঘটনায় নিহতের বাবা মোবারক হায়াত বাদী হয়ে সদর মডেল থানায় মামলা করেন।

পরে ঘটনাটির তদন্ত ও আসামি গ্রেপ্তারের চেষ্টা শুরু করে পুলিশ। ডাকাতি ও হত্যার সাথে জড়িত সন্দেহে গত ২২ জুলাই ব্রাহ্মণবাড়িয়ার মরিচা এলাকা থেকে রায়পুরা উপজেলার মৃত সিদ্দিক মিয়ার ছেলে ডাকাত শেখ ফরিদকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়।

পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে রবিবার গ্রেপ্তার করা হয় ডাকাতি ও হত্যায় জড়িত আরও তিনজনকে।

গ্রেপ্তারকৃতরা প্রাথমিকভাবে ডাকাতি ও হত্যার ঘটনায় জড়িত থাকার কথা্ স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে এর আগেও ডাকাতির মামলা রয়েছে।